মোট পৃষ্ঠাদর্শন

বুধবার, ৩ জুলাই, ২০১৩

পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পীসমাজ

পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পীসমাজ
লেখকঃ তারাপদ সাঁতরা
প্রকাশকঃ লোকসংস্কৃতি আদিবাসী সংস্কৃতিকেন্দ্র
তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
মধুসূদন মঞ্চ, ঢাকুরিয়া। কলকাতা-৭০০০৬৮। ডিসেম্বর,২০০০।
দাম-১৩০ টাকা। ISBN: 81-87360-22-4

তারাপদ সাঁতরার লেখা “পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পীসমাজ” বইটি বাংলার সামাজিক চিরায়ত শিল্প ভাবনা ও শিল্পী গোষ্ঠী তথা সমাজজীবনে অচেতনে জড়িয়ে থাকা শিল্পীসত্ত্বা মূলতঃ নারীদের বিগত শতাব্দী পর্যন্ত প্রচলিত আন্তঃপুরকেন্দ্রিক জীবনে বয়ে চলা শিল্প মননের এক তথ্য সমৃদ্ধ দলিল।
আটিটি আধ্যায়ে লেখক তার ঐতিহাসিক সত্ত্বার মেধায় ও বঙ্গভূমির লোকশিল্পের প্রতি আন্তরিক ভালবাসায় বিভিন্ন লোকশিল্প যা আপাত দৃশ্যে অতি তুছ উপাদানে নির্মিত, রোজকার জীবনে প্রায় আমল না দেওয়া বস্তর মধ্যে ছড়িয়ে থাকা আমাদের লোকশিল্প, তার শিল্পী ও তার সামাজিক বিবর্তনকে বিবৃত করেছেন তার মেধাবী টিপ্পনীসহ।

আট অধ্যায়ে বাস্তুশিল্প, লোকচিত্রকলা, চিত্র-ঊৎকীর্ণ মৃৎপাত্র, গৃহসামগ্রী, পুতুল খেলনা, শোলার কারুকার্য, আচার অনুষ্ঠান কেন্দ্রিক মৃৎশিল্প, আঞ্চলিক লোকনৃত্যে ব্যবহৃত মুখোশশিল্প এবং তেরোটি বিষয়ভিত্তিক পরিশিষ্ট বিষয় বৈচিত্র্যে যেমন অসাধারণ তেমন কৌতুহলোদ্দীপক, যেমন ‘পশ্চিমবঙ্গের পটুয়া চিত্রকরঃ সামাজিক পরিবর্তন’ অথবা ‘বাঙালী পল্লী চিত্রকরদের দাবি’ এই পরিশিষ্টের বিষ্যগুলি বাংলার সমাজে শিল্পীদের যুগযুগ ধরে শোষিত বঞ্চিত এবং সামাজিক অবহেলা অসম্মান এবং পরিবর্তিত সময়ে পরিচয় সঙ্কট (Identity Crisis)কে চিহ্নিত করেছে।
  
এই পুস্তকে বর্ণিত অধ্যায়গুলি বাংলার সমাজজীবনের আরেক বৈশিষ্টকে তুলে ধরে  - বাঙালী জাতিগতভাবে ভাবপ্রবণ, শিল্পী ও সূক্ষ্মরসবোধের পূজারী। তাদের নান্দনিক সত্ত্বা তাই অতিতুচ্ছ উপাদান থেকেও তৈরী করে এসেছে শিল্প সম্মত জীবনের ছাঁচ কিন্তু সেই প্রচেষ্টা আড়ম্ব্ররহীন অ-রাজকীয় আর এই জীবনের পরতে শিল্পকে জড়িয়ে নেওয়ার মূলকান্ডারী – নারী।

গৃহশিল্প সামগ্রী অধ্যায়ে বর্ণিত কাঁথা, কুঙ্কে, পানেরবাটা, জাঁতি, কাজললতা,চিরুনি,সি৬দুর কৌটো, হাতপাখা, শিকা শিল্প, চারবাটি, নকশি আসন, কড়িরসাজ ও মাদুর শীতল্অপাটি, কাগজ কাটাই নকশা, চন্দ্রপুলি ও আমসত্ত্বের ছাঁচ – আমাদের শোনায় সেইসব অন্তঃপূর বন্দিনীদের কাহিনী যাদের মন ও কল্পনায় পাখা মেলতে চায় সৃজনের মধ্যে  দিয়ে তাই তারা তাদের দৈনন্দিন ব্যবহারের প্রতিটি বস্তুকেই সুন্দর দেখতে চায়।যদিও সমাজ পরিবর্তন, প্রযুক্তির প্রসার, অতিব্যস্ত নগরকেন্দ্রিক জীবন থেকে এই বোধেরা আজ ছুটি নিয়েছে, রয়ে গেছে যাদুঘ্রের প্রত্নসামগ্রী হয়ে।

এই পুস্তক বাংলার লোকশিল্পীদের যে কাহিনী বিবৃত করেছে তা যেমন দুষ্প্রাপ্য তেমনই লেখকের ব্যাখ্যা ততটাই প্রয়োজনীয় সেই অখ্যাত, অচেনা হারিয়ে যাওয়া শিল্পীকূলকে চিনতে।

পরিশষ্টে বর্নিত গ্রন্থপঞ্জি, শতাধিক চিত্র পুস্তকটিকে বাংলার অবলুপ্ত প্রায় লোকশিল্প যা বাংলার সমাজজীবনের অন্যতম ভিত্তি তার এক অনন্য দলিলে পরিণত করেছে। বাঙালী যদি শিকড়ের সন্ধান করে তবে এই পুস্তক একটি আলোকবর্তিকা।


বুধবার, ৬ মার্চ, ২০১৩

সোসাল নেটওয়ার্কিং, গণতন্ত্র ও গণআন্দোলন বাংলাদেশ ২০১৩


‘সোসাল নেটওয়ার্কিং’ এই শব্দবন্ধটি বিগত কয়েক বছরে শুধুমাত্র উন্নত প্রযুক্তি ব্যবহারকারী ধনী, গণশিক্ষার হারে এগিয়ে থাকা দেশগুলিতেই নয় অপেক্ষাকৃত উন্নত প্রযুক্তির সার্বিক স্পর্শ  বঞ্চিত গরীব,শিক্ষার হারে পিছিয়ে থাকা মানুষের জাতীয় জীবনকে সবার্থে নাড়া দিতে সক্ষম হয়েছে। ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তি জনমত গঠন, সংগঠিত ও স্বতঃস্ফুর্ত প্রতিবাদের এক নতুনধারার জন্ম দিতে সক্ষম হয়েছে। মতামত প্রকাশ, সমমতালম্বী মানুষকে খুঁজে পাওয়া, সংঘবদ্ধ হওয়া এবং লক্ষ্যে পৌঁছে আবার পূর্ববর্তী ভূমিকায় বিলীন হয়ে যাওয়ার অদ্ভুত মঞ্চ তৈরী হয়েছে। কিন্তু মজার বিষয় হল মিডিয়া ও প্রযুক্তির কল্যাণে আমরা কেউই বোধহয় এই মঞ্চায়িত হয়ে চলা ঘটনাগুলির নীরব দর্শক হয়ে থাকতে পারিনি। আমরা নয়তো এতে সামিল হয়েছি। সোসাল নেটওয়ার্কিং সাইটে, ওয়েব ফোরামে ‘like’, ‘share’ করে বা ব্লগে বিতর্কে সামিল হয়ে অথবা সামিল হয়ে অথবা অজান্তেই নিজেকে প্রস্তুত করেছি ভবিষ্যাতের লড়াইতে সামিল হতে।
আমার ব্যক্তিগত ধারনায় গনতন্ত্র এক নতুন আঙ্গিক পেয়েছে এই নতুন ধারার সোসাল নেটওয়ার্কিং ভিত্তিক কার্যক্রমে। এই কার্যক্রম নাগরিককে তার মতপ্রকাশ ও প্রচার এবং সেই মত সহনাগরিকদের মতামতের আলয় যাচাই করে নেওয়ার এক অভূতপুর্ব সুযোগ দিয়েছে এবং আমরা তা গ্রহন করেছি সর্বান্তকরনে। তাই “আরব বসন্ত”এর বাতাস রক্ষণশীল ভারতীয় সমাজের পাশে,বাধ্য করেছে তাকে “নারীর” অধিকার ও সুরক্ষা নতুন করে ভাবতে। পুর্বে ঘটে যাওয়া সামাজিক,রাজনৈতিক গণআন্দোলন গুলির থেকে এর চরিত্র যেমন আন্দোলন শুধু ওয়েব দুনিয়ার ভারচুয়াল মঞ্চেই থেমে যায়নি, নেমে এসেছে রাজপথে,গলিতে – লাঠি,গুলি,বোমায় নিজেকে রক্তাক্ত করে বনিয়াদ গড়তে চেয়েছে নতুন সমাজের। তাই যারা এই সোসাল নেটওয়ার্কিং-এ প্রত্যক্ষ সামিল হতে পারেনি বা চায়নি, তারাও কিন্তু সংগ্রামে প্রত্যক্ষভাবে সামিল হয়েছে। মতের আদানপ্রদান গনতন্ত্রের আঙ্গিনা অনেকখানি বিস্তৃত হয়েছে। প্রতিনিধিত্বমূলক গনতন্ত্রের নিয়মতান্ত্রিক “তাসের দেশে” হঠাৎ যেন ‘নতুন যৌবানের দূত’ এসেছে। গ্রীক নগররাষ্ট্রের আস্বাদ যেন আমরা পেতে শুরু করেছি নিয়মতান্ত্রিকতার বেড়াজালের মধ্যেই।
ফেব্রুয়ারি ২০১৩-এর বাংলাদেশে সোসাল নেটওয়ার্কিং ও গনতন্ত্রের এই নতুন সম্পর্ক আরেক ধাপ এগোল আন্দোলনকারীদের “দাবি”-এর মানবিক ভিত্তির ওপর নির্ভর করে। তারা এমন এক মুক্ত সমাজের দাবি জানিয়েছে যা যেকোনো স্বাধীনতাকামী মানুষের চিরকালের স্বপ্ন। তাদের এমন এক গণতান্ত্রিক মুক্ত সমাজের যেখানে ব্যষ্টির নিজ বিশ্বাস,জীবনপদ্ধতি সমষ্টির সামগ্রিক চাওয়ার কাছে মাথানত করে। এই স্বাধীন সমাজ যা ব্যষ্টির ও সমষ্টির মধ্যে সামঞ্জস্য স্থাপন করে। এই দাবিই সোসাল নেটওয়ার্কিংকে ভিত্তি করে গড়ে ওঠা গনতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত আন্দোলনকে গনতন্ত্রের প্রকৃত বাস্তব ভিত্তি দিতে চেয়েছে – গনতন্ত্রের জন্যই গনতান্ত্রিক আন্দোলন, যদিও তা আহত,রক্তাক্ত ও নিহত হয়ে চলেছে প্রতিমূহুর্তে গনতন্ত্রদমনকারী মৌলবাদের দ্বারা। তবু আশা এই বিপন্ন সময়ে এই নতুনধারার আন্দোলন হয়তো আমাদের সন্ধান দেবে “মুক্ত”সমাজ গঠনের পথের।

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১১

আঞ্চলিক ইতিহাস

ইতিহাস চর্চার একটি বিশেষ ভাগ হল ‘আঞ্চলিক ইতিহাস’।আঞ্চলিক ইতিহাস বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলের অতীত চর্চা। সেক্ষেত্রে সামগ্রিক ইতিহাস চর্চায় একটি অঞ্চলের ভৌগলিক, ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক,অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিবর্তনের অনেক তথ্য ও তার বিশ্লেষণই উপেক্ষিত থেকে যায় যা আঞ্চলিক ইতিহাস চর্চায় নিখুঁতভাবে লিপিবদ্ধ হয়। বিট্রিশযুক্তরাজ্য, আমেরিকা যুক্ত্ররাষ্ট্রে এই চর্চা বিশেষ প্রসার লাভ করেছে আমেরিকান লোকাল হিস্ট্রি নেটওয়ার্ক এমনই একটি ওয়েব ভিত্তিক আঞ্চলিক ইতিহাস চর্চার কেন্দ্র। বিট্রিশযুক্তরাজ্যের ন্যাশানাল আর্কাইভস আঞ্চলিক ইতিহাস নথিবদ্ধের এক অপূর্ব উদাহরণ  (http://www.nationalarchives,gov.uk/records/)।ভারতীয় উপমহাদেশের একজন বাসিন্দা এবং ইতিহাস সচেতন মানুষ হিসাবে, আমার প্রত্যাশা এদেশে পথে প্রান্তরে, গ্রাম নগরে মণিমুক্তোর মতো ছড়িয়ে থাকা আঞ্চলিক ইতিহাস নথিবদ্ধকরণ ও ওয়েবভিত্তিক আর্কাইভ নির্মিত হোক যা আমাদের মতো আত্মবিস্মৃত জাতিকে তার জাতির ঐতিহাসিক বিবর্তনের ও বিপুল বৈচিত্র্যময় অতীত যা স্থানিক বৈশিষ্ট্যে বিশেষিত তা সমন্ধে সচেতন করুক। বিভিন্ন সরকারি,অসরকারি,ব্যক্তিগত সংগ্রহে তালাবন্ধ আঞ্চলিক ইতিহাস নতুন প্রযুক্তিকে আশ্রয় করে মুক্ত হোক, তা না হলে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারব না। উদাহরণস্বরূপ বলা যায়, সুন্দরবন অঞ্চল আজ আমাদের কাছে পরিচিত ম্যানগ্রোভ বণাঞ্চল হিসাবে অথচ চন্দ্রকেতুগড়, জটার দেউল,প্রত্নতাত্ত্বিক আবিষ্কৃত নানা প্রত্নসামগ্রী যদিও বলে প্রাচীন সভ্যতার বিকাশের পটভূমি হিসাবে এই অঞ্চলের অন্য এক গল্প যা শুধুমাত্র আঞ্চলিক ইতিহাস চর্চার মধ্যে দিয়েই উদ্‌ঘাটিত হওয়া সম্ভব।

সোমবার, ১৬ মে, ২০১১

বাঙালীর প্রাত্যহিক জ়ীবনে নান্দনিকতার ছোঁয়া ও রবীন্দ্রনাথ


আজ প্রায় একশত বছরের অধিক সময়কাল বাঙালীর প্রাত্যহিক জ়ীবনের ছন্দ কেমন হবে তার তালটি রবীন্দ্রনাথের সৃষ্টি ও তার জ়ীবন যাপনের ধরন দিয়ে গভীরভাবে প্রভাবিত হয়ে চলেছে। আমাদের জনসাধারণের দৈনন্দিন জীবনে যখন প্রাচীন ভারতীয় সভ্যতার নান্দনিকতার ধারাটি প্রায় শুষ্ক হয়ে এসেছিল তখন প্রাচ্য-পাশ্চাত্যের সভ্যতার মন্থনে অনেক হলাহলের সাথে ‘রবীন্দ্রনাথ’ নামক অমৃত কুম্ভটি এসেছিল। আজ তাঁর সার্ধশতবর্ষের জন্মদিনে প্রণাম জানাতে গিয়ে, কেবলই মনে হয় তিনি আমাদের প্রাত্যহিক জ়ীবনের প্রতিটি  কর্মকে কেমন নান্দনিকতার ছোঁয়া দিয়ে গেছেন। ‘মংপুতে রবীন্দ্রনাথ’ গ্রন্থে যখন অশীতিপর কবির বাঙালী রমনীর পোশাক নিয়ে স্মৃতিচারণের কথা পড়ি, তখন বুঝি তার দৈনন্দিনে নান্দনিকতার পরশ নিয়ে গভীর ভাবনা। তাঁর শান্তিনিকেতন আশ্রমে বিভিন্ন উসবে গানে, কবিতায়, আলিম্পনের সজ্জায় বা  উসবে মাতোয়ারা আশ্রমবাসীর অঙ্গসজ্জায় তিনি আমাদের শিখিয়েছিলেন কেমন হবে আলোকিত, সভ্য বাঙালীর উসব প্রাঙ্গন – যেখানে  সমগ্র বিশ্ব এসে মিশবে।তাঁর আশ্রম প্রাঙ্গনের বাসগৃহগুলির গৃহসজ্জা আমাদের শিখিয়েছে  জাঁকজমক নয় নান্দনিকতার বোধ দিয়ে অতিসাধারণ, সহজলভ্য বস্তু দিয়ে নির্মিত হস্তশিল্প দিয়ে অন্দরসজ্জা করতে। একটু খেয়াল করলে চোখে পড়ে বাঙালী শিশুর নামকরণে আজও রাবীন্দ্রিক নান্দনিকতার স্পর্শ। অবসরের বেতের চেয়ারটিতে হেলান দিয়ে কফির কাপে চুমুক দেওয়ার সময়ও আমরা আধুনিক বাঙালী যে নান্দনিকতার সন্ধান করি বা অফিস যেতে যে ঝোলা ব্যাগটি কাঁধে নিই কিংবা দেওয়ালে যে মোম বাটিকের ছবি লাগাই তা তাঁর জ়ীবনভর নান্দনিকতার সাথে যাপনের সাক্ষ্য আর আমাদের দিয়ে যাওয়া উত্তরাধিকার।

বৃহস্পতিবার, ৫ মে, ২০১১

বইয়ের কথা

সম্প্রতি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে বইটি পড়তে পড়তে ভারী অবাক হয়েছি। সেই সময়কালের ইউরোপের সমাজ জীবনের যে চিত্র লেখক এঁকেছেন তা আজকের ভারতবর্ষের নগরজ়ীবনের প্রেক্ষাপটে কি ভীষণ প্রাসঙ্গিক, যেন ১৯২৭-১৯২৯ এর লন্ডনের জীবন প্রবাহ এসে মিশেছে একবিংশের কলকাতায়।সভ্যতার সোপানগুলি কাল নির্বিশেষে একই রকম তার আপন বৈশিষ্ট্য বজায় রেখে।